বিশ্বের বৃহত্তম রোবটিক কন্টেইনার টার্মিনাল এখন চীনের হাতে
আধুনিক সমুদ্র বাণিজ্যের সমীকরণ এখন আর কেবল বিশাল জাহাজ কিংবা গভীর সমুদ্রের সীমাবদ্ধতায় আটকে নেই; এর মূল চালিকাশক্তি হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও রোবটিক অটোমেশন। এই বৈপ্লবিক রূপান্তরের নেতৃত্বে রয়েছে চীনের সাংহাই বন্দরের 'ইয়াংশান ডিপ-ওয়াটার পোর্ট (ফেজ-৪)'। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম এবং সর্বাধুনিক সম্পূর্ণ স্বয়ংক্রিয় কন্টেইনার টার্মিনাল। সাংহাই বন্দর যে টানা ১৬ বছর ধরে বিশ্বসেরার তকমা ধরে রেখেছে, তার মূল শক্তিই হলো এই রোবটিক টার্মিনালের অবিশ্বাস্য সক্ষমতা।
কেন ইয়াংশান বিশ্বে অনন্য?
সাংহাইয়ের মূল ভূখণ্ড থেকে ৩২ কিলোমিটার দূরে সাগরের মাঝে নির্মিত এই টার্মিনালটি ২০১৭ সালে কার্যক্রম শুরু করে। এর বিশেষত্ব হলো এর বিশালতা এবং প্রযুক্তি। ২.২৩ মিলিয়ন বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই টার্মিনালে নেই কোনো মানুষের কোলাহল। এখানে সাতটি কন্টেইনার বার্থ রয়েছে যা বিশ্বের বৃহত্তম কন্টেইনার জাহাজগুলোকে হ্যান্ডেল করতে সক্ষম।
এর সক্ষমতা বিস্ময়কর। বর্তমানে এটি বছরে ৬.৩ মিলিয়ন একক (Twenty-foot Equivalent Units) কন্টেইনার হ্যান্ডেল করার ক্ষমতা রাখে, যা পর্যায়ক্রমে আরও বাড়ানো হচ্ছে। পুরো টার্মিনালটি একটি বিশাল রোবটিক ইকোসিস্টেমের মতো কাজ করে।
বিশ্বের বৃহত্তম এআই-বেজড টার্মিনাল হওয়ার রহস্য
ইয়াংশান ফেজ-৪-কে বলা হয় 'ঘোস্ট পোর্ট' বা ভূতুরে বন্দর, কারণ এখানে ক্রেন থেকে শুরু করে ট্রাক—সবই চলে স্বয়ংক্রিয়ভাবে। এর নেপথ্যে রয়েছে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি টপ-লেভেল ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম (ITOS)। এটি টার্মিনালের 'মস্তিষ্ক' হিসেবে কাজ করে। এখানে ১৩০টিরও বেশি অটোমেটেড গাইডেড ভেহিকল (AGV) চলাচল করে। এই চালকবিহীন গাড়িগুলো অপটিক্যাল ফাইবার এবং চৌম্বকীয় সেন্সরের সাহায্যে নিখুঁতভাবে কন্টেইনার পরিবহন করে। এমনকি ব্যাটারি শেষ হয়ে গেলে এগুলো নিজেরাই চার্জিং স্টেশনে চলে যায়।
রটারডাম বনাম ইয়াংশান: কোথায় এগিয়ে চীন?
ইউরোপের বৃহত্তম বন্দর রটারডাম স্বয়ংক্রিয় টার্মিনালের পথিকৃৎ হলেও, ইয়াংশান তাকে ছাড়িয়ে গেছে স্কেল এবং প্রযুক্তির সমন্বয়ে। রটারডামের তুলনায় ইয়াংশানের AGV ব্যবস্থাপনা অনেক বেশি জটিল এবং দ্রুতগামী। ইয়াংশানের নিজস্ব সফটওয়্যার সিস্টেম একই সাথে শত শত রোবটিক ইউনিটকে সেন্টিমিটার-লেভেল নিখুঁতভাবে পরিচালনা করতে পারে, যা রটারডামের তুলনায় অনেক বেশি 'সফটওয়্যার-ড্রাইভেন'।
পণ্য খালাসের গতি ও প্রক্রিয়া
একটি আল্ট্রা লার্জ কন্টেইনার ভেসেল (ULCV) যখন বার্থে ভেড়ে, তখন সেখানে কোনো ক্রেন অপারেটরকে কেবিনে বসে থাকতে হয় না। রিমোট কন্ট্রোল রুম থেকে অপারেটররা কম্পিউটারের মাধ্যমে ক্রেনগুলো পর্যবেক্ষণ করেন।এরফলে একটি বিশাল জাহাজ থেকে পণ্য খালাস করতে ইয়াংশানে প্রচলিত বন্দরের তুলনায় ৩০% থেকে ৪০% কম সময় লাগে।
আর স্বয়ংক্রিয় ব্রিজ ক্রেন জাহাজ থেকে কন্টেইনার তুলে সরাসরি AGV-র ওপর রাখে। AGV সেই কন্টেইনার নিয়ে ইয়ার্ডে পৌঁছায়, যেখানে অটোমেটেড রেল-মাউন্টেড গ্যান্ট্রি ক্রেন (ARMG) কন্টেইনারটি নির্দিষ্ট স্থানে সাজিয়ে রাখে। এই পুরো প্রক্রিয়ায় মানুষের শারীরিক উপস্থিতির প্রয়োজন হয় না।
বিশ্ববসেরা সাংহাইয়ের শ্রেষ্ঠত্বের নেপথ্যে এই ইয়াংশান
টানা ১৬ বছর ধরে সাংহাই বিশ্বের শীর্ষ ব্যস্ততম বন্দর থাকার পেছনে ইয়াংশান ফেজ-৪ এর প্রবৃদ্ধি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। গত কয়েক বছরে সাংহাই বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডলিংয়ের একটি বিশাল অংশ আসে এই টার্মিনাল থেকে। এটি কেবল কার্যক্ষমতাই বাড়ায়নি, বরং কার্বন নিঃসরণ এবং বিদ্যুৎ খরচও উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে।লয়েডস লিস্টে চীনের জয়জয়কার এবং বিশ্ব বাণিজ্যের ৪০% এর বেশি কন্টেইনার চীনের দখলে থাকার পেছনে এই রোবটিক বিপ্লবই প্রধান শক্তি হিসেবে কাজ করছে।
ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা ও সুফল
এই রোবটিক টার্মিনাল পরিচালনার মূল লক্ষ্য হলো 'স্মার্ট এবং গ্রিন পোর্ট' তৈরি করা। এরফলে এটি পরিচালনার ফলে শ্রমশক্তি ব্যয় ৭০% কমেছে এবং কাজের দক্ষতা বেড়েছে ৫০%। একইসাথে এটি ২৪ ঘণ্টা বিরতিহীনভাবে কাজ করতে পারে, যা বৈশ্বিক সাপ্লাই চেইনকে সচল রাখতে অনন্য ভূমিকা রাখছে।