বিশ্ব বাণিজ্য সংস্থায় চীন ও অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে সেমিনার আয়োজিত
জুন ৩: বিশ্ব বাণিজ্য সংস্থার সপ্তম ‘বাণিজ্য ও পরিবেশ সপ্তাহ’ চলাকালে, গতকাল (মঙ্গলবার) চীন ও অস্ট্রেলিয়া যৌথভাবে সুইজারল্যান্ডের জেনিভায়, ‘কার্বন অ্যাকাউন্টিং, মানদণ্ড ও বাণিজ্য: বিধিগত বিভাজন হ্রাস এবং বৈশ্বিক কার্বনমুক্তকরণ প্রক্রিয়াকে সমর্থনে আন্তর্জাতিক সহযোগিতার ওপর নির্ভরতা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে।
এই সেমিনারে আন্তর্জাতিক সংস্থা ও স্বনামধন্য থিঙ্ক ট্যাঙ্কের প্রতিনিধিগণ এবং শিল্প-বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। তাঁরা সেমিনারে জলবায়ু ও বাণিজ্যের গভীর আন্তঃসম্পর্ক থেকে উদ্ভূত প্রধান চ্যালেঞ্জগুলোর ওপর আলোকপাত করেন।
বিশ্ব বাণিজ্য সংস্থায় নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি হু ইংচি বলেন, বাণিজ্য ও পরিবেশের ক্ষেত্রে মূল সমস্যাটি মানদণ্ডের অভাব নয়, বরং নিয়মকানুনের ক্রমাগত বিভাজন। বিশ্ব বাণিজ্য সংস্থার উচিত বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে, স্বচ্ছতা বৃদ্ধি, নীতি সমন্বয়কে উত্সাহিত করা, এবং উন্নয়ন খাতে সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখা।
বিশ্ব বাণিজ্য সংস্থায় নিযুক্ত অস্ট্রেলিয়ার উপ-স্থায়ী প্রতিনিধি ক্রিস্টিন টিলি বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সকল পক্ষের প্রাতিষ্ঠানিক বাধা দূর করে একসঙ্গে কাজ করা উচিত।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।