চীনে গড়ে উঠেছে বিশ্বের বৃহত্তম বিদ্যুত্ সরবরাহ-ব্যবস্থা; বেড়েছে মানও
জুন ৩০: আজ (মঙ্গলবার) চীনের জাতীয় জ্বালানি প্রশাসন ‘চীনে বিদ্যুতের সরবরাহ উন্নয়ন প্রতিবেদন, ২০২৬’ প্রকাশ করে। এতে বলা হয়, চীন বিশ্বের বৃহত্তম বিদ্যুত সরবরাহ-ব্যবস্থা গড়ে তুলেছে, যা শহরাঞ্চল ও গ্রামাঞ্চলজুড়ে বিস্তৃত।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালে চীনের মোট বিদ্যুতের ব্যবহার ১০ ট্রিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা অতিক্রম করে একটি নতুন মাইলফলকে পৌঁছায়। বিদ্যুতের ব্যবহারকারীর সংখ্যাও প্রায় ৮০ কোটিতে পৌঁছেছে, যা বিশ্বের যে-কোনো দেশের চেয়ে বেশি। এ ছাড়া, দেশজুড়ে ৯৯ হাজার বিদ্যুতের সরবরাহ পরিষেবাকেন্দ্র রয়েছে, যেখানে ৫ লক্ষ ৬০ হাজারেরও বেশি কর্মী নিয়োজিত আছেন।
জাতীয় জ্বালানি প্রশাসনের বাজার তদারকি বিভাগের পরিচালক হাও রুইফেং বলেন, চীনে বিদ্যুতের সরবরাহ পরিষেবা এখন ‘সাধারণ সরবরাহ’ থেকে ‘গুণগত মানসম্পন্ন অভিজ্ঞতা’-তে রূপান্তরিত হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানিগুলোর অনলাইন পরিষেবা প্ল্যাটফর্মে নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৫৭ কোটিতে পৌঁছেছে, এবং বিদ্যুত-সম্পর্কিত পরিষেবাগুলোর অনলাইন প্রক্রিয়াকরণের হার ৯৭ শতাংশ ছাড়িয়ে গেছে।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।